সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্ত্রী দীপ্তি লোহানীর কবরেই অন্তিম শায়নে শায়িত হলেন প্রখ্যাত সাংবাদিক, ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
শনিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার সোনতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে উল্লাপাড়া উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কাজ সম্পন্ন করেন।
ঢাকা থেকে রাতে কামাল লোহানীর মরদেহ উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের বাড়ি পৌঁছায়। সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান, ওসি দীপক কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এসএম নজরুল ইসলামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাকে শ্রদ্ধা নিবেদন করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সোয়া ১০টার দিকে মারা যান একুশে পদক প্রাপ্ত কামাল লোহানী। করোনা ছাড়াও ফুসফুস, কিডনির জটিলতা, হৃদরোগে ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন তিনি।
এ দিকে কামাল লোহানীর মৃত্যুতে তার পৈত্তিক গ্রাম সোনতলার ঘরে ঘরে শোক বিরাজ করছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো উল্লাপাড়া উপজেলার মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখে সোনতলা কবরস্থান মাঠে জানাজা শেষে পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে। পরে স্ত্রী দীপ্তি লোহানীর কবরেই এই সংগ্রামীর দাফন সম্পন্ন করা হয়।
