শিগগিরই জাতীয় ঔষধ প্রশাসন অধিদফতর গনস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের কিট উৎপাদনের অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণস্বাস্থের প্রধান বিজ্ঞানী ডা. বিজন কুমার শীল।
তিনি বলেন, শুধু আমরা নয়, সারাদেশের মানুষ অপেক্ষায় আছেন।
রবিবার দেশ রূপান্তরকে তিনি এ আশাবাদের কথা জানান।
বিজন শীল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ কিট নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা পজিটিভ বলে মনে হয়েছে। বিএসএমএমইউ কিট পরীক্ষার ফলাফল জাতীয় ঔষধ প্রশাসন অধিদফতরে বৃহস্পতিবার জমা দিয়েছে। একইদিন আমাদেরও ফলাফলের কপি দিয়েছে।
বিজন শীল বলেন, গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার রাতেই বিএসএমএমইউ'র ফলাফল পড়েছেন। একই সঙ্গে জাতীয় ঔষধ প্রশাসন অধিদফতরকে দ্রুত অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, বিএসএমএমইউতে করোনা কিট পরীক্ষার জন্য জমা দেওয়ার পর কিটের ওপর আমরা আরও কাজ করেছি। একইসঙ্গে এন্টিজেন কিট জমা দেওয়ার পর নমুনা পরীক্ষার ত্রুটির কারণে তা ফেরত আনা হয়েছিল। এখন আবার জমা দেওয়ার জন্য প্রস্তুত করেছি। দুই-এক দিনের মধ্যে তা বিএসএমএমইউতে জমা দেব।
