মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে তরুণ-তরুণীদের মধ্যে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে বিবিসি জানিয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, লকডাউন শিথিল হওয়ায় কিছু অঙ্গরাজ্যে তরুণ বয়সীরা সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম মানছে না। এতে তারা করোনায় আক্রান্ত হচ্ছেন।
ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, সাউথ ক্যারোলাইনাসহ আরো কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিল হবার পর সংক্রমণের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। যার মধ্যে আক্রান্ত তরুণদের সংখ্যাও অনেক।
ফ্লোরিডায় শনিবার এক দিনেই সংক্রমণের সংখ্যা ৪ হাজারের বেশি বেড়েছে, যাদের বেশির ভাগেরই বয়স ২০-৩০ এর কোঠায়।
মার্কিন অঙ্গরাজ্যটির গভর্নর রস ডেসান্টিস জানান, আক্রান্ত এসব তরুণদের দেহে সংক্রমণের কোন লক্ষণও দেখা যায়নি।
সাউথ ক্যারোলাইনায় মোট সংক্রমিতের ১৮ শতাংশের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে।
অঙ্গরাজ্যের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, তরুণদের সংক্রমণ বৃদ্ধি থেকে বোঝা যায় যে তারা কভিড-১৯ এর সংক্রমণ থেকে মুক্ত নয়, এবং তারা সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম ভঙ্গ করছে।
প্রসঙ্গত, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ২২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৪ হাজারের বেশি মানুষ।
