নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট : ২২ জুন ২০২০, ০২:৩১ পিএম

নাটোরের বড়াইগ্রামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করলেও মূল আসামি রফিক পলাতক রয়েছেন।

বনপাড়া পৌরসভার কালিকাপুর বেরপাড়া গ্রামের বাদশার ছেলে রফিক (৩৫) এবং একই এলাকার মান্নানের ছেলে সিদ্দিককে (৩৭) অভিযুক্ত করা হয়েছে।

রবিবার রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ সোমবার সকালে সিদ্দিককে আটক করে।

পুলিশ ও নির্যাতিত স্কুল ছাত্রীর পরিবার জানান, শুক্রবার ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী তার বাড়ির পাশে পোরাবাড়ী বিলে শাক তুলতে যায়। এ সময় অভিযুক্ত রফিক ও তার সহযোগী সিদ্দিক ঐ স্কুলছাত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে রফিক ঐ স্কুল ছাত্রীর হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে এবং সিদ্দিক ধর্ষণ করার পূর্বেই মেয়েটির মুখের বাঁধন খুলে গেলে চিৎকার কান্নাকাটি করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রবিবার রাতে ওই স্কুলছাত্রীর মা এ ঘটনায় রফিক ও সিদ্দিক নামে দুইজনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ সিদ্দিককে আটক করেছে এবং মূল আসামি রফিককে আটকের জন্য পুলিশি অভিযান চলছে। এছাড়া নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর মেডিকেল পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত