চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য একটি বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (কাফকো)। এছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের সদস্যদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানিকভাবে নমুনা সংগ্রহের বুথ ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন এসব গ্রহণ করেন।
এ সময় কাফকোর মহাব্যবস্থাপক (কোয়ালিটি) আবদুল মন্নান, উপ-মহাব্যবস্থাপক (যান্ত্রিক) আমিনুর রহমান,কাফকো সিবিএ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।
কাফকো সূত্র জানায়, এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে ২০০টি কেএন ৯৫ মাস্ক, এক হাজার সার্জিক্যাল মাস্ক ও দুই হাজার হ্যান্ড গ্লাভস রয়েছে। এছাড়া নমুনা সংগ্রহ বুথের যাবতীয় যন্ত্রাংশ ইতিমধ্যে হাসপাতালে পৌঁছানো হয়েছে। এই বুথ মঙ্গলবার স্থাপন করা হবে।
কাফকোর সিবিএ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী বলেন, করোনার এই দুর্যোগকালীন সময়ে সামনের সারিতে থেকে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে চিকিৎসকরা অন্যতম। তাদের পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে কাফকো এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে।
করোনা দুর্যোগকালীন সময়ে নমুনা সংগ্রহের বুথ ও সুরক্ষা সামগ্রী প্রদানের জন্য কাফকোর প্রতি ধন্যবাদ জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, করোনার এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা করোনা প্রতিরোধসহ স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছেন। করোনায় অনেক স্বাস্থ্যকর্মী অক্রান্ত হচ্ছেন, মৃতের ঘটনাও ঘটছে। এমন সময়ে কাফকো আমাদের পাশে এসে দাঁড়ানোতে আমরা আরও অনুপ্রাণিত হবো।
