বর্ণবাদ-বিরোধী আন্দোলন: একগুচ্ছ ক্ল্যাসিক সিনেমায় সতর্কবার্তা

আপডেট : ২২ জুন ২০২০, ০৮:৫৩ পিএম

যুক্তরাজ্যের স্কাই টিভিতে একগুচ্ছ সিনেমায় যুক্ত হচ্ছে সতর্কবার্তা। যেখানে ‘সাবেকি মনোভাব’ শব্দটি ব্যবহার হচ্ছে অরিজিনাল অ্যানিমেটেড ‘জাঙ্গল বুক’, ‘ব্রেকফাস্ট এট টিফানিস’ ও ‘দ্য লাস্ট সামুরাই’-এর মতো সিনেমায়।

স্কাই সিনেমায় ডিজনির ‘দ্য জাঙ্গল বুক’ খোঁজ করলে বর্ণনায় দেখায়- এই সিনেমায় সাবেকি মনোভাব, ভাষা ও সংস্কৃতি চিত্রায়িত হয়েছে যা হালে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

এমনকি ২০১৬ সালে এই ক্ল্যাসিক মুভির অনুকরণে নির্মিত জন ফ্যাভু’র ‘দ্য জাঙ্গল বুক’-এও একই সতর্কবার্তা দেওয়া হয়েছে। অবশ্য ডিজনি নিজেদের স্ট্রিমিং প্ল্যার্টফর্মে ২০১৯ সালে ‘সাবেকি মনোভাবের চিত্রায়ন’ সতর্কবার্তা ব্যবহার করে।

এ ছাড়া স্কাই সিনেমায় ডিজনির ১৯৪১ সালে অ্যানিমেটেড ফিল্ম ‘ডাম্বো’, কিডস ক্ল্যাসিক ‘দ্য গুনিস’, ক্রিস্টোফার ওয়াকেনসের ‘বলস অব ফিউরি’, এডি মারফির ‘ট্রেডিং প্লেসেস’ ও সাই-ফাই সিক্যুয়াল ‘এলিয়েনস’সহ ১৬টি সিনেমায় সতর্কবার্তা যোগ করেছে।

বাকি ছবির মাঝে আছে অরিজিনাল ‘আলাদিন’, ১৯৩৯ সালের বিতর্কিত ক্ল্যাসিক ‘গন উইথ দ্য উইন্ড’, পিটার ও’টুলের ‘লরেন্স অব অ্যারাবিয়া’, বেন স্টিলারের ‘ট্রপিক থান্ডার’, ১৯২৭ সালের ‘দ্য জাজ সিঙ্গার’, শার্লে টেম্পল অভিনীত ‘দ্য লিটলেস্ট রেবেল’, ডিজনির ‘দ্য লোন র‌্যাঞ্চার’ ও ১৯৮০ এর ‘ফ্ল্যাশ গর্ডন’।

মূলত কৃষ্ণাঙ্গ নাগরিক জজ ফ্লুয়েডের হত্যাকে কেন্দ্র করে যু্ক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ণবাদবিরোধী আন্দোলনের আঁচ লেগেছে স্কাই’র নীতিমালায়। প্রতিষ্ঠানটির মুখপাত্র ভ্যারাইটিকে জানায়, বর্ণবাদ-বিরোধিতায় সমর্থন, বৈচিত্র্যেরে লালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যা পর্দার সামনে-পেছনে তারা দেখাতে চায়। তারা স্কাই’র সব কনটেন্ট রিভিউ করবে, প্রয়োজনে অনুসারে ব্যবস্থা নেবে। তারা সিনেমা ও টিভি শো’র দর্শকদের সিদ্ধান্ত নেওয়ার পক্ষে প্রয়োজনীয় তথ্য দেবে।

ইতিমধ্যে বর্ণবাদ-বিরোধী আন্দোলনে ১.২ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে স্কাই। সঙ্গে আরও কিছু ঘোষণা দিয়েছে।

এ দিকে চলতি মাসের শুরুতে নেটফ্লিক্স, ব্রিটবক্স ও বিবিসির অন-ডিমান্ড সার্ভিস আইপ্লেয়ার সরিয়ে নিয়েছে কমেডি সিরিজ ‘লিটল ব্রিটেন’। মূলত কালো চেহারার ব্যবহার নিয়ে বিতর্কের মুখে পড়ে বিবিসি’র এই নির্মাণ।

নেটফ্লিক্স স্থায়ীভাবে তাদের অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড অঞ্চলের সার্ভিস থেকে অস্ট্রেলিয়ান ঠোঁটকাটা পারফর্মার ক্রিস লিলির চারটি কমেডি শো সরিয়ে নিয়েছে।

এর আগে ‘গন উইথ দ্য উইন্ড’ সরিয়ে নিয়ে চলমান বিতর্কে নতুন আলোচনা তোলে এইচবিও ম্যাক্স। পরে সতর্কবার্তা ও ফ্রেমিংয়ে পরিবর্তন করে ছবিটি ফিরিয়ে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত