অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন আরবাজ খান

আপডেট : ২২ জুন ২০২০, ১০:০৭ পিএম

আইনি পথে নাকি ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপকে শায়েস্তা করতে যাচ্ছেন আরবাজ খান! সোশ্যাল মিডিয়ায় আরবাজের এই কথা ঘোষণার পরে সপ্তাহের প্রথম দিনেই হইহই পড়ে গিয়েছে বলিউডে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই স্বজনপোষণ নিয়ে সালমান খান এবং তার পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন অনুভব। অভিযোগ করেছিলেন, তার ক্যারিয়ার নষ্ট করার তালে ছিলেন খান ব্রাদার্স।

সেই নিয়ে শোরগোল থিতিয়ে যাওয়ার আগেই রবিবার সোশ্যাল মিডিয়ায় আরেক প্রস্থ ক্ষোভ উগরেছেন অভিনব। পোস্টে কী লিখেছেন? অভিনবের দাবি, ‘সালমানের বিয়িং হিউম্যান সংস্থা আসলে কালো টাকা সাদা করার জন্যই তৈরি। সমাজসেবা আসলে সালমান খানের ছুতো। বাবা সেলিম খানের পরামর্শে তৈরি এই সংস্থা।’

নিজের অভিযোগের স্বপক্ষে তার যুক্তি, ‘আমি নিজের চোখে ‘দাবাং’ পরিচালনার সময় দেখেছি, মাত্র পাঁচটি সাইকেল দিয়েছে সংস্থা। পরের দিন খবরের কাগজে ৫০০ সাইকেল দেওয়ার খবর ছাপা হয়। সঙ্গে সঙ্গে জয়জয়কার সালমান খানের। এসব করেই তো নিজের গুন্ডামি চাপা দেন ভাইজান! যাতে তার বিরুদ্ধে আদালতে যত মামলা ঝুলছে তা আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায়।’

অনুভবের এই অভিযোগ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে পাল্টা জবাব হিসেবে আইনি পথে যাওয়ার হুমকি দিয়ে আরবাজ বলেন, ‘আমরা আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি। ফিল্ম অ্যাসোসিয়েশনেও অভিযোগ জানিয়েছি। ব্যক্তিগত ঝগড়ায় একটুও আগ্রহী নই। তাই যা বলার, যা করার সবটাই হবে আইনি পথে।’

যখনই বলিউডে কোনো তারকার অপমৃত্যু ঘটে, তখনই অন্দরের ঝগড়া এভাবেই প্রকাশ্যে চলে আসে। ঠিক এখন যেমন খান ব্রাদার্স ভার্সেস অভিনব কাশ্যপের মধ্যে চলছে। সময়ের প্রলেপে এক সময় থিতিয়েও যায় সেই দ্বন্দ্ব-সংঘাত। দাদা অনুরাগ যেহেতু এই ঝগড়ায় মুখে কুলুপ এঁটেছেন, তাই খান-কাশ্যপ বিতর্ক কত দিন ধোপে টেকে, এখন সেটাই দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত