সুশান্তকে নিয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

আপডেট : ২২ জুন ২০২০, ১১:১১ পিএম

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর উপমহাদেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বেশ কিছুদিন ধরেই নানা বিতর্ক চলছে তার মৃত্যু রহস্যকে ঘিরে। এদিকে বলিউডে সুশান্তের মৃত্যু নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা।  বাংলাদেশেও সুশান্ত সিং রাজপুতকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা এলো। সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটি ডকু ফিল্ম বানাচ্ছেন বাংলাদেশি পরিচালক জীবন শাহাদাৎ।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তৈরি ডকু ফিল্মের দৈর্ঘ্য হবে ২০ মিনিটের। নাম ‘হত্যা শেষে আত্মহত্যা’। ডকু ফিল্মের ধরনটা কেমনটা হবে জানতে চাইলে পরিচালক বলেন, ‌‌‌‘ভয়েজওভার, বিভিন্ন টক শো, উপস্থাপনা আর ফুটেজের মিশ্রণে এই ডকু ফিল্ম তৈরি হবে। একেবারে অন্য স্টাইলে তৈরি করছি। এটা অনেকটা বায়ো ডকু ধাঁচের। পর্দায় উপস্থাপক হিসেবে এই ডকু ফিল্মের সূত্রধর থাকবেন দেবাশীষ বিশ্বাস।’

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ডকু ফিল্ম তৈরির ভাবনা প্রসঙ্গে জীবন শাহাদাৎ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে সুশান্তের সঙ্গে যেটা হয়েছে, সেটা খুবই দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। আর এই ঘটনা বর্তমানে আমাদের সমাজের একটি চলমান বিষয়। সেই চিন্তা থেকে পুরো বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরে সচেতন করার চেষ্টা থেকে এটি করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত