সিলেটের মোগলাবাজারে একটি কোম্পানির বিক্রয় ব্যবস্থাপকের কাছ থেকে ১ লাখ ১৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ে জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪ হাজার ১০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গত রবিবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার রাত সাড়ে ১১টায় মোগলাবাজার থানাধীন সিলেট-গোলাপগঞ্জ সড়কের কুচাই পশ্চিমভাগ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ছিনতাইকারীরা একটি সিএনজি অটোরিকশায় পালিয়ে যায়। খবর পেয়ে মোগলাবাজার থানার ওসি আখতার হোসেনের নির্দেশে টহল টিমগুলো অভিযানে নামে।
অভিযানকালে কুচাই পশ্চিমভাগ এলাকা থেকে ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশা ও এর চালক আবদুস সামাদকে (২০) আটক করা হয়। আটক সামাদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের নুর উদ্দিনের ছেলে। সামাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে জড়িত আরও ৩ জনকে আটক করা হয়। এরা হলো- দক্ষিণ সুরমার গালিমপুরের জমসেদ মিয়ার ছেলে পলাশ মিয়া (৩২), ব্রাম্মণবাড়িয়ার নাসিরনগর থানার ডরমন্ডল গ্রামের শহিদ মিয়ার ছেলে হাবিব হোসেন (১৮) ও সিলেটের গোলাপগঞ্জ থানার ফুলবাড়ি ভুইটেক গ্রামের লিলু মিয়ার ছেলে কামরান আহমদ বাবু ( ১৯)।
আটকদের কাছ থেকে ৪ হাজার ১০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বাকী টাকা তাদের আরেক সহযোগীর কাছে রয়েছে বলে আটকরা পুলিশকে জানিয়েছে। ওই ছিনতাইকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আটক ৪ জনকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
