কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে প্রতিবেশীর ধারালো হাঁসুয়ার আঘাতে আবুল শাহ্ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবুল শাহ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত চেতন শাহ্র ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০টার দিকে কৃষক আবুল শাহ্ বাড়ির পার্শ্ববর্তী মাঠে কাজ করছিলেন। এ সময় তাদের মধ্যে বিয়ে সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বে প্রতিবেশী মইজুদ্দিন শাহর সঙ্গে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ প্রতিবেশী মইজুদ্দিন শাহর হাতে থাকা ধারাল হাঁসুয়া দিয়ে আবুল শাহর পেটে আঘাত করলে তার পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হয়্। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, পারিবারিক বিরোধ নিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আবুল শাহর মৃত্যুর সংবাদ শুনেছি।
তবে এ ঘটনায় এখনও কেউ মামলা করতে আসেনি বলে তিনি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছে। তবে এ সময় জড়িত সন্দেহে অভিযুক্ত হামলাকারী মইজুদ্দিন শাহ্সহ বাড়ির লোকজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
