কৃষি খেতে নওয়াজের কোদাল চালানোর ভিডিও ভাইরাল

আপডেট : ২৩ জুন ২০২০, ০৯:৩৩ পিএম

রুপালি পর্দায় গল্ফ তারকা হিসেবে ধরা দিন অথবা সাইকো কিলার হয়ে, তার জন্য প্রশংসার ভান্ডার সর্বদা পরিপূর্ণ থাকে। কিন্তু এসব চরিত্রের আড়ালে যিনি থাকেন, তিনি আক্ষরিক অর্থেই মাটির মানুষ। না হলে এত বড়মাপের বলিউড অভিনেতা হওয়ার পর কি কেউ খেতে কোদাল নিয়ে চাষবাস করতে পারেন! হ্যাঁ, বিশ্বাস না হলেও এমনটাই করতে দেখা গিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

লকডাউনের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ মুম্বাইয়ের স্টুডিও। তাই কাজে খানিক বিরতি নিয়ে গত মে মাসে মায়ের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে উত্তর প্রদেশের দেশের বাড়ি চলে যান নাওয়াজ। বি-টাউনে স্টুডিওর তালা খুললেও অভিনেতা এখনো বাড়িতেই রয়েছেন। সরকারি নির্দেশ মেনে বুধানায় পৌঁছে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনেও থাকতে হয়েছিল। সেসব আপাতত শেষ। তাই দেশের বাড়িতে এখন একেবারে অন্য রকমভাবে দিন কাটাচ্ছেন নওয়াজ। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি তিনি অনেকক্ষণ থাকছেন প্রকৃতির কোলে। যে সুযোগটা বাণিজ্য নগরীর চাকচিক্যের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কোদাল হাতে মাটি কাটছেন। আলের জলে হাত-পা ধুয়ে নিচ্ছেন। কে বলবে, তিনিই কি না পর্দায় অবতীর্ণ হলে সিনেমা হলে হাততালির শব্দে কান পাতা দায় হয়!

নওয়াজ চাষাবাদের একটি ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যা দেখে মুগ্ধ তার অনুরাগীরা। অভিনেতার খোলস ছেড়ে তিনি একেবারে তখন ছা-পোষা ‘কৃষক’! অভিনয় জগতের মেকি চালচলন তার ভালো লাগা-ভালোবাসাকে এতটুকু কবজা করতে পারেনি। এই সারল্যই তাকে রিয়েল লাইফেও অনুরাগীদের কাছে ‘হিরো’ করে তুলেছে।

সম্প্রতি স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে ‘ঘুমকেতু’ অভিনেতার বিবাহ বিচ্ছেদের মামলার কথা শিরোনামে উঠে এসেছিল। আলিয়া অভিযোগ তোলেন, তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। সেই কারণেই আলাদা হয়ে যাওয়ার কথা ভাবেন তিনি। তবে এই ভিডিওই বলছে, আপাতত নিজের দুনিয়ায় ভালোই আছেন নওয়াজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত