ডেকে নিয়ে ছুরি মেরে কিশোর বন্ধুকে খুন

আপডেট : ২৪ জুন ২০২০, ০৫:১৩ এএম

বাড়ি থেকে ডেকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জে আজাদ (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মালেক (১৬) নামে তার এক বন্ধুর বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আজাদের চাচাতো ভাই মো. হানিফ বলেন, ‘আজাদের বাবা আমির হোসেন পেশায় একজন ফার্মাসিস্ট। আগানগর আমবাগিচা পুকুদিঘীর পার এলাকায় আল্লাহর দান নামে তার ফার্মেসি রয়েছে। ফার্মেসির সঙ্গে বাসাতেই তিনি ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখানে। আজাদ টাঙ্গাইলে বড় ভাইয়ের কাছে থেকে একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। সোমবার সকালেই সে ভোলা থেকে কেরানীগঞ্জে আসে। রাত ১০টার দিকে বন্ধু মালেক আজাদকে মোবাইলে ফোনে ডেকে নিচে নেয় এবং তাকে নিয়ে ঘুরতে যায়। নিষেধ করলেও আজাদ শোনেনি। এর কিছু সময় পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি মালেক ঝাউবাড়ি ব্রিজের সামনে আজাদের মাথায় ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়েছে। উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওদের মধ্যে কোনো পূর্বশত্রুতা ছিল কি না বলতে পারছি না।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, মালেককে ওই রাতেই চুনকুটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, সে পূর্বশত্রুতার জেরে আজাদকে খুন করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মাদারীপুরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার: রাজৈরে ইকবাল মোল্লা (৩৯) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শাখারপাড়ের একটি খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ইকবাল উপজেলার উমারখালী গ্রামের সুন্দর আলী মোল্লার ছেলে। মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ জানান, ময়নাতদন্তের পরেই হত্যার রহস্য বেরিয়ে আসবে। তবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু: দৌলতপুরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে আবুল শাহ্ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবুল শাহ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সোমবার সকালে আবুল শাহ্ মাঠে কাজ করছিলেন। এ সময় তার সঙ্গে বিয়ে সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বে প্রতিবেশী মইজুদ্দিন শাহের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মইজুদ্দিন হাঁসুয়া দিয়ে আবুলের পেটে আঘাত করে। উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করতে আসেনি।

ঠাকুরগাঁওয়ে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু: রানীশংকৈল উপজেলার বলঞ্চা গ্রামে ভাতিজার ধাক্কায় চাচা জামাল উদ্দিন (৫০) মারা গেছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত