পাকিস্তান হাইকমিশনের কর্মী অর্ধেক করার নির্দেশ ভারতের

আপডেট : ২৪ জুন ২০২০, ০৫:৫১ এএম

নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মী অর্ধেক করার নির্দেশ দিয়েছে ভারত। একই সঙ্গে ইসলামাবাদে তাদের হাইকমিশনের কর্মীসংখ্যাও একই অনুপাতে কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। লাদাখ সীমান্তের বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহার নিয়ে ভারত-চীনের মধ্যে সমঝোতার পরদিন এ সিদ্ধান্তের কথা জানাল নয়াদিল্লি।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের প্রতিক্রিয়া জানা যায়নি। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল দিল্লিতে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সৈয়দ হায়দার শাহকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বলা হয়েছে, তাদের কয়েকজন কর্মকর্তা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত এবং তাদের সঙ্গে কিছু চরমপন্থি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, গত ৩১ মে পাকিস্তান হাইকমিশনের দুজন কর্মীকে তারা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত থাকার সময় হাতেনাতে ধরেছেন এবং সঙ্গে সঙ্গে তাদের ভারত ছাড়তে বলা হয়।

এদিকে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে বলা হয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনের দুই কর্মীকে আটকের পরে তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বহিষ্কার করা হয়েছিল। এরপর ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দুই কর্মীকে বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের গোয়েন্দারা রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওই দুজনের ওপর অত্যাচার চালায়। এরপর ওই দুই কর্মীকে দেশে ফিরিয়ে আনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত