জয়পুরহাটের পাঁচবিবির ভারত সীমান্তের রতনপুর সুইচগেট এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম মিন্টু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত রবিউল ইসলাম পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিল মন্ডল ছেলে। তিনি একজন মাদক কারবারি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে পাঁচবিবি উপজেলার রতনপুর -মোড়েরহাট সুইচগেট এলাকায় মাদক কেনাবেচা চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যান জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে, র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই মাদক কারবারিকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়।
র্যাব ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন, ৮ রাউন্ড তাজা গুলি, ৫০২ বোতল ফেনসিডিল, ১২০০ পিস ইয়াবা উদ্ধার করে। নিহত মিন্টুর বিরুদ্ধে পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় প্রায় এক ডজন মাদক মামলা রয়েছে।
