প্রায় এক সপ্তাহ অপেক্ষা করেও মা ভালুকের খোঁজ না পেয়ে শাবকটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন বান্দরবানের লামার জীনামেজু অনাথ আশ্রমের প্রধান ভদন্ত নন্দমালা থের।
বুধবার লামা বন বিভাগের কর্মকর্তা এস এম কাইসার এ তথ্য জানান। ভদন্ত নন্দমালা থের বলেন, গত এক সপ্তাহ ধরে আমি শাবকটির মায়ের জন্য অপেক্ষা করেছি।
এম এস কাইসার জানান, গত বৃহস্পতিবার রাতে আশ্রমের পাশের পাহাড়ে কুকুরের কামড় থেকে প্রায় পাঁচ মাস বয়সী শাবকটিকে বাঁচান ওই আশ্রম প্রধান। এরপর থেকে শাবকটির দেখাশোনা করেন তিনি।
তিনি বলেন, আশ্রম প্রধান নিজেই আমাদের খবর দেন, তিনি শাবকটিকে অনেক যত্ন করেছেন। আমরা শাবকটিকে ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছি।
তিনি আরও বলেন, প্রায় পাঁচ মাস বয়সের এই শাবকটি তার মাকে ছাড়া বেড়ে ওঠা অনেক কষ্টকর হবে।
ভদন্ত নন্দমালা থের তার প্রতিষ্ঠিত আশ্রমে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রায় ১০৮ জন শিক্ষার্থীর বিনা বেতনে থাকা খাওয়াসহ লেখাপড়ার ব্যবস্থা করেছেন বলে জানান এই ভিক্ষু।
