ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা ও ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গত মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ফমেক) পিসিআর ল্যাবরেটরিতে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩২ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা এবং পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুও এবং পৌর মেয়রের গাড়িচালক মো. আব্দুস সবুরও আছেন। গত ২২ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়। সিভিল সার্জন আরও জানান, গত সোমবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন মৃধা। আর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু তার ঝিলটুলীর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার।
