ভারতবর্ষের মুনি-ঋষিরাই ছিলেন প্রকৃত বিজ্ঞানী। যজ্ঞের বেদি স্থলে আঁকা ছক থেকেই আবিষ্কার হয়েছে জ্যামিতি এবং ত্রিকোণমিতির।
এমনটাই দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
সংবাদ প্রতিদিন জানায়, করোনা সংকট থেকে মুক্তি পেতে এবং চীনের সঙ্গে সংঘাতে নিহত সেনাদের আত্মার শান্তি কামনায় নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুরে গঙ্গার পাড়ে আয়োজিত যজ্ঞে তিনি এমন দাবি করেন।
জগন্নাথ সরকার বলেন, ‘এখন অনেক বিজ্ঞানীকেই ডক্টরেট, ডিএসসি উপাধি দেওয়া হয়, কিন্তু ভারতবর্ষের প্রাচীন মুনি-ঋষিরা প্রকৃত বৈজ্ঞানিক।’
তিনি বলেন, ‘আধুনিক বিজ্ঞানের যুগেও পুরনো রীতি-নীতি নিয়ে চর্চা হচ্ছে। তাই প্রাচীন মুনি-ঋষিদের দেখানো পথেই চলা উচিত।’
স্থানীয় বিজেপি এ যজ্ঞের আয়োজন করে। সম্পূর্ণ বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সেখানে যজ্ঞ করা হয়। আহুতি দেন জগন্নাথ সরকার স্বয়ং।
যজ্ঞ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুনি-ঋষিরা আদতে বিজ্ঞানভিত্তিকই সবকিছু করতেন। যজ্ঞ করার আগে বেদি স্থলে আঁকা ছকই থেকেই পরবর্তীকালে জ্যামিতি এবং ত্রিকোণমিতির জন্ম। এটা বিজ্ঞান ভিত্তিক বিষয়, কুসংস্কার নয়।’
জগন্নাথ আরও বলেন, ‘যজ্ঞের মাধ্যমে নীরবতা পালন করা হয়। নীরবতা পালন কংগ্রেস, সিপিএম সকলেই করেন।’
