করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পরে যুবকের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২০, ১০:৪৩ পিএম

চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে শরীফুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির আধা ঘন্টার মধ্যে ওই যুবকের মৃত্যু হয়। শরীফুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের কুরমান আলীর ছেলে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবির জানান, শরীরে ব্যথা ও বমি নিয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার আধা ঘন্টার মধ্যেই শরীফুল মারা যায়। 

শরীফুলের বাবা কুরমান আলী জানান, গত ৩ দিন আগে শরীফুলের গায়ে হঠাৎ জ্বর আসে। এরপর জ্বরের পাশাপাশি বৃহস্পতিবার বমি ও মাথা ব্যথা শুরু হলে বিকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভর্তির ৩০ মিনিটের পর শরীফুল মারা যায়। 

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, মারা যাওয়া শরীফুলের শরীরে করোনার ভাইরাসের উপসর্গ ছিল। এ কারণে মৃত্যুর পর তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার নমুনাটি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে। 

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া শরীফুলের সরকারী নিয়ম ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রশাসনের লোকজনের উপস্থিতিতে দাফন করা হয়েছে। 

উল্লেখ্য, বুধবার পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট ১৮৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছে ২০৩ জন। সুস্থ্য হয়েছেন ১১০ জন। করোনা আক্রান্ত হয়ে জেলাতে মারা গেছেন ৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত