লিওনেল মেসির জন্মদিন পালন করতে গিয়ে বিপত্তিতে ১৫ তরুণ

আপডেট : ২৫ জুন ২০২০, ১০:৫২ পিএম

করোনার মধ্যে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন পালন করতে গিয়ে জরিমানা গুনতে হয়েছে চুয়াডাঙ্গার ১৫ মেসি ভক্তকে। বুধবার রাতে জেলার দামুড়ড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি কফি হাউজে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার বাসষ্ট্যান্ড এলাকার একটি কফি হাউজে অবস্থান নিয়ে ১৫/ ১৬ জনের একদল যুবক আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন পালন করছিলেন। এ সময় রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছান। করোনার মধ্যে সরকারী নির্দেশ অমান্য ও শারীরিক দূরত্ব বজায় না রাখার অপরাধে জন্মদিন পালন করা ১৫ যুবককে ১০০ টাকা করে ও ওই কফি হাউজের মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, করোনার সংক্রমণরোধে সরকারী নির্দেশ বাস্তবায়নে প্রতিদিন বিকাল ৪টার পর থেকে আমরা নিয়মিত টহলে বের হই। বুধবারও নিয়মিত টহলের অংশ হিসাবে দামুড়হুদা বাসষ্ট্যান্ডে পৌঁছালে ওই তরুণদের অবস্থান দেখতে পাই। অবস্থানের কারণ জানতে চাইলে জবাবে তারা জানায়, মেসির জন্মদিনের জন্য তাদের অবস্থান। চা-কফি, চিকেন ফ্রাই এসব খাবার আইটেমও ছিল সেখানে। একে তো রাতের বেলায় দোকান খোলা, তার ওপর ওই যুবকরা শারীরিক দূরত্ব বজায় না রেখেই অবস্থান করছিল। এ কারণে ১৫ যুবককে ১০০ টাকা করে ও দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এদিকে,আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন পালন করতে গিয়ে ১৫ ভক্তের জরিমানার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে তুমুল সমালোচনায় জড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, চুয়া়াডাঙ্গা জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ২০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত