বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলের মাধ্যমে সরকার সিরিঞ্জ দিয়ে জনগণের রক্ত টেনে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বিদ্যুৎ-জ্বালানির দাম বছরে একাধিকবার পরিবর্তনের সুযোগ রেখে সংসদে উত্থাপিত সংশোধনী আইনের প্রতিবাদে শনিবার আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বিএনপি মুখপাত্র বলেন, ‘বাড়িতে বাড়িতে বহু লোক আমাদের বলছেন- যেখানে বিদ্যুৎ বিল হওয়ার কথা ১ হাজার থেকে ১১-১২শ’ টাকা। সেখানে ২০ হাজার ২৫ হাজার টাকা বিল আসছে।’
তিনি বলেন, ‘এই ভুতুড়ে বিলের জন্য গণমাধ্যমে অনেক প্রতিবেদন ছাপা হয়েছে। সরকারের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সরকার এদিকে তাকাচ্ছেন না।’
রিজভী বলেন, ‘তারা নির্লজ্জভাবে গায়ের জোরে আবার বছরে কয়েকবার বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে। এখন সিরিঞ্জে করে যেমন রক্ত টান দেয়, এই সরকার জনগণের শরীরে সিরিঞ্জ দিয়ে রক্ত টান দিচ্ছে এই বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে।’
সংসদে উত্থাপিত বিলের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘তাদের (সরকার) টাকা দরকার। এই টাকা কোথায় যাচ্ছে জানেন? এটাও গতকাল বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে- ৫ হাজার কোটি টাকার বেশি সুইস ব্যাংকের জমা আছে। এই টাকা কার? এই টাকা মন্ত্রীদের, এই টাকা আমলাদের, এই টাকা ক্ষমতাসীন দলের লোকদের।’
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কথা তুলে ধরে বিএনপি মুখপাত্র বলেন, ‘মানুষ মরছে, অক্সিজেন সিলিন্ডার নেই, অক্সিমিটার নেই, চিকিৎসা নেই ঢাকার কয়েকটি হাসপাতাল ছাড়া। অনেক কথা হয়তো গণমাধ্যমে আসছে কিন্তু সব আসছে না।’
প্রধানমন্ত্রী ‘সম্রাটের মতো’ দেশ শাসন করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো এক দেশের সম্রাট বলেছিলেন- আই অ্যাম ‘ল, আমিই হলাম আইন। শেখ হাসিনা হলেন সেই সম্রাটের মতো। আমিই আইন, আমি যেটা বলব, সেটাই মানতে হবে। কিসের পার্লামেন্ট। এই নিশিরাতে পার্লামেন্ট জো হুকুমের পার্লামেন্ট।’
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ফিউচার অব বাংলাদেশ’ এর উদ্যোগে বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন (সংশোধন)-২০২০সংসদে উত্থাপনের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে মহানগর দক্ষিণের সহসভাপতি নবী উল্লাহ নবী, ফিউচার অব বাংলাদেশের শওকত আজিজ, সাজ্জাদুল হানিফ বক্তব্য রাখেন।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতা কেজি সেলিম, ফয়সাল প্রধান, আহম্মেদ উল্লাহ, জুনায়েদ চৌধুরী, বাবু তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।
