তাদের সবার নামের আগেই কিংবদন্তি শব্দটা এসে যায়। এই শতাব্দীর শুরুর দশক বা কারো দ্বিতীয় দশকেও ছিল আন্তর্জাতিক ক্রিকেটে দাপট। কিন্তু তাদের কারো একটির বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি।
কারা আছেন এই তালিকায়? এক নজরে দেখে নেওয়ার যাক তাদের-
শচিন টেন্ডুলকর (ভারত)
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০০৮ আইপিএলের মাধ্যমেই বলতে গেলে টি-টোয়েন্টি ফরম্যাটের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যায়। ভারতের ব্যাটিং গ্রেট শচিন টেন্ডুলকার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্ডের হয়ে খেলেছেন অনেকদিন। কিন্তু নিজ দেশের হয়ে ২০০৭ বিশ্বকাপ খেলা হয়নি এই তারকার। ক্যারিয়ারের একটি মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন তিনি ২০০৬ সালে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলা নিজের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ বলে ১০ রান করেছিলেন শচিন। সেটিই প্রথম ও শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি তার। যদিও এরপর ভারতের হয়ে আরো প্রায় ৮ বছর খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩ ওয়ানডে খেলা শচিন।
ইনজামাম-উল-হক (পাকিস্তান)
পাকিস্তানের ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটে সেরা মিডল অর্ডার ব্যাটসম্যাদের তালিকায় ইনজামামের নাম থাকবে ওপরের দিকেই। ক্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবলীলভাবে বোলারদের বধ করা তার স্বভাব ছিল। দেশটির সাবেক অধিনায়ক ১২০ টেস্ট ও ৩৭৮টি ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি খেলেছেন মাত্র একটি।
২০০৬ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছিলেন ইনজামাম। তবে সেটাই শেষ। এরপর আর টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে মাঠে নামেননি তিনি। ২০০৭ সালে ক্রিকেটকে বিদায় বলেন এই কিংবদন্তি।
রাহুল দ্রাবিড় (ভারত)
শচিন, ইনজামামদের মতো একটির বেশি টি-টোয়েন্টি খেলা হয়নি রাহুল দ্রাবিড়েরও। নিঃসন্দেহে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন দ্রাবিড়। দেশকে নেতৃত্বও দিয়েছেন ‘দ্য ওয়াল’ খ্যাত ক্রিকেটার। টেস্ট ও ওয়ানডেতে ‘মিস্টার ডিপেন্ডেবল’ হয়ে উঠেছেন বারবার। তবে টি-টোয়েন্টি দলে তার জায়গা হতো না। ক্যারিয়ারের শেষ সময়ে এসে একমাত্র টি-টোয়েন্টি খেলার সুযোগ পান।
২০১১ সালে ভারতের ইংল্যান্ড সফরে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলেন দ্রাবিড়। প্রথম ও একমাত্র টি-টোয়েন্টিটাও খেলেন ওই সফরে। ৩১ আগস্টের সেই ম্যাচে দ্রাবিড় ২১ বলে ৩১ রান করেছিলেন। সমিত প্যাটেলকে পরপর তিন বলে হাঁকান তিন ছক্কাও।
২০১২ সালে টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দেন দ্রাবিড়। ১৬৪ টেস্ট, ৩৪৪ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি তার নামের পাশে।
জেসন গিলেস্পি (অস্ট্রেলিয়া)
লম্বা ঢেউ খেলানো চুল নিয়ে যখন বল করতে আসতেন জেসন গিলেস্পি, তখন অনেক ব্যাটসম্যানেরই বুক কাঁপত। তবে ৭১ টেস্টে ২৫৯ ও ৯৭ ওয়ানডেতে ১৪২ উইকেট নেওয়া ডানহাতি ফাস্ট বোলার দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১টি।
২০০৫ সালের ১৩ জুন অস্ট্রেলিয়ার হয়ে নিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেন গিলেস্পি। ৪ ওভারে দিয়েছিলেন ৪৯ রান।
