দিনাজপুরের পার্বতীপুরে কলেজের অধ্যক্ষ, প্রকৌশলী ও নার্সসহ এ পর্যন্ত মোট ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার কলেজের অধ্যক্ষ, রেলের টিটিই ও নার্সসহ নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শহরের কারিগরি এন্ড বানিজ্যিক কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের নার্স মরিয়ম নেছা ও তার স্বামী পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর গ্রামের আব্দুর রশিদ করোনায় আক্রান্ত হয়েছেন।
এর আগে গত বুধবার পার্বতীপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী নাজিম উদ্দীন ও রেলের (অবসরপ্রাপ্ত) টিটিই সামছুল হকের করোনা শনাক্ত হয়।
অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, গত ১৬ জুন নমুনা পরীক্ষা করতে দেন। রিপোর্ট আসতে ১১ দিন (২৭ জুন) সময় লাগলো। এতো দিনে আমি সুস্থ্য হয়ে গেছি। বাইরে ঘুরে বেড়ানোর পর স্বাস্থ্য বিভাগ থেকে আজ শনিবার ফোন করে জানিয়েছে তিনি পজেটিভ।
উপ-সহকারি প্রকৌশী নাজিম উদ্দীন সরকার জানান, গত ১৫ জুন নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। ২৪ জুন স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় পজেটিভ। নমুনা দেওয়ার পর থেকে আমি বাড়িতেই আছি। বর্তমানে তিনিও সুস্থ্য আছেন।
শনিবার রাত ৯টায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, পার্বতীপুর উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৩৩ জন। মারা গেছেন ১ জন।
