সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরে ঝড়ো হাওয়ায় নৌকাডুবিতে দুজন মারা গেছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের পাশের হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। মারা যাওয়া একজনের বয়স ৬০, অন্যজনের ১০। তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা দিরাই শহর থেকে উপজেলার তাড়ল ইউনিয়নের ধলবাজারে যাওয়ার পথে উজানধল গ্রামের পাশে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও দুজন নিখোঁজ হন। পরে হাওরের পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, বেলা ৩টা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে সেচ খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে শিশুদের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, ক্ষেমিরদিয়াড় বিলপাড়া এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে মুরসালিন (৭) ও সুজন ইসলামের ছেলে আবরার আরাফাত (৫) খেলতে গিয়ে বাড়ির পাশের জিকে সেচ খালের পানিতে ডুবে যায়। মৃত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই।
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির সামনের ডোবায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নুরুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।
