‘বর্ণবাদী’ উড্রো উইলসনের নাম মুছে দিচ্ছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৮ জুন ২০২০, ১১:১৭ এএম

‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসনের নাম ক্যাম্পাসের একটি ভবন থেকে সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটি।

নিউজার্সির প্রিন্সটনের বিশ্ববিদ্যালয়টির পাবলিক পলিসি স্কুল ও একটি আবাসিক কলেজ থেকে প্রথম বিশ্বযুদ্ধে নেতৃত্বে নেওয়া এই মার্কিন প্রেসিডেন্টের নাম মুখে ফেলা হবে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার পর চলমান বর্ণবাদী আন্দোলনের মধ্যে এই সিদ্ধান্ত নিল প্রিন্সটনের বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টোফার এইসগ্রুবার এক বিবৃতিতে জানিয়েছেন, উড্রো উইলসনের বর্ণবাদী চিন্তাধারা ও নীতির কারণে তার নাম এখানে ‘অনুপযুক্ত’ হয়ে পড়েছে। কেননা এখানকার পণ্ডিত, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের অবস্থান অবশ্যই সব ধরনের বর্ণবাদের বিরুদ্ধে।

উইলসন ১৯১৩ থেকে ১৯২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন লিগ অব নেশনসের প্রস্তাবক, যে সংস্থাটি পরবর্তীতে জাতিসংঘে রূপ নেয়।

প্রেসিডেন্ট হওয়ার আগে নিউজার্সির গভর্নর ছিলেন উইলসন। এর আগে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট।

বর্ণবাদী নীতির কঠোর সমর্থক ছিলেন উইলসন। জাতিগত পৃথকীকরণের পক্ষে অবস্থান ছিল তার এবং এই নীতি অনেকগুলো রাজ্যে আরোপ করেন তিনি। যখন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন তখন, এই প্রতিষ্ঠানে কালো শিক্ষার্থীদের ভর্তি হতেও দিতেন না। সাদা আধিপত্যবাদীদের সমর্থন দিতেন।

এইসগ্রুবার বলেন, “এসবে তিনি কেবল সায় দিতেন না। দেশে বর্ণবাদীর অবিরাম অনুশীলন শুরু করেন। আর ওই অনুশীলন আজও ক্ষতি করে যাচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির পাবলিক পলিসি স্কুলের এখন থেকে নাম হবে প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আর উইলসনের নামে গড়া একটি আবাসিক কলেজের নতুন নামকরণ করা হয়েছে ‘ফার্স্ট কলেজ’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত