প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রীর

আপডেট : ২৮ জুন ২০২০, ০৭:২৪ পিএম

দ্রুততার সাথে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী ভাঙনের তাৎক্ষণিক খবরের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। কেননা একজন চিফ ইঞ্জিনিয়ারের পক্ষে পুরো এলাকা ঘুরে খবর রাখা কষ্টসাধ্য। সকল সংকটে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে।

রবিবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আরএডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি ওপর পর্যালোচনা সভার সভাপতির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন।

এ সময় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,এমপি,  পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল) হাবীবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে সংযুক্ত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হকসহ সকল প্রধান প্রকৌশলীবৃন্দ।

কাজকে বেগবান করার আহ্বান জানিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, কাজকে বেগবান ও গুণগত মান রাখতে আমরা টাক্সফোর্স লোকবল বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে আমি ৪২ টি এলাকা পর্যবেক্ষণ করেছি। আমার কাছে কোন ফাইল পড়ে থাকে না। প্রধান প্রকৌশলীরা আরও বেশি সাইট পরিদর্শন করবেন এবং কাজের সচিত্র অগ্রগতি প্রতিবেদন দেবেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাজের গতিশীলতা আনতে  বিকেন্দ্রীকরণ নিয়ে ভাবছি।

প্রসঙ্গত, জুন ২০২০ সময়সীমার মধ্যে প্রায় ৩৪ টি প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে ১৪ টি প্রকল্প সম্পন্ন হয়েছে।  বাকি অসমাপ্ত প্রকল্পগুলোর সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।

এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, প্রকল্প পরিচালক নিয়োগের সাথে সাথে কাল ক্ষেপণ না করে টেন্ডার করতে হবে। একাধিক প্রকল্পে দেখা যায় প্রকল্প পরিচালক নিয়োগের পরেও কাজের অগ্রগতি নেই যা দুঃখজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত