ক্রিকেটে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অনেক বড় তারকা। ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোর পর দলটির বর্তমান অধিনায়ক জ্যাসন হোল্ডারও এনিয়ে কথা বললেন। হোল্ডারের দাবি, ফিক্সিং এবং ডোপিংয়ের মতোই বর্ণবাদকেও সমান অপরাধ হিসেবে দেখা হোক।
‘আমার কাছে মনে হয় না বর্ণবাদের শাস্তির সঙ্গে ম্যাচ পাতানো বা ডোপিংয়ের কোনো পার্থক্য থাকা উচিত।’- বিবিসি স্পোর্টসকে বলেন হোল্ডার। যোগ করে বলেন, ‘আমি ক্রীড়াঙ্গনে বর্ণবাদ দেখি। আমাদের এসব সমানভাবে দেখা দরকার।’
বর্ণবাদের ক্ষেত্রে আইসিসির আইন অবশ্য খুবই কড়া। বর্ণবাদী আচরণ করলে ডিমেরিট পয়েন্ট পাওয়া, ম্যাচে নিষিদ্ধ থেকে আজীবন নিষিদ্ধ পর্যন্ত হতে পারেন কেউ।
দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকোকে বর্ণবাদী মন্তব্য করে গত বছর দুটি ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
হোল্ডার বলছেন, ‘যে কোনো সিরিজ শুরুর আগে ডোপ বা দুর্নীতি নিয়ে যেভাবে সবাইকে সতর্ক করা হয়, সেভাবে বর্ণবাদ নিয়েও সতর্ক করা উচিত। সবার প্রতি আমার বার্তা হচ্ছে এটা দূর করতে আরও বেশি শিক্ষার দরকার আমাদের।’
‘আমি যদিও সরাসরি কোনো সময় বর্ণবাদের শিকার হইনি, তবে আশপাশ থেকে অনেক কিছু শুনেছি। এই ব্যাপারটা এমন কিছু যা মেনে নেওয়া যায় না।’- বলেন হোল্ডার।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ৮ জুলাই শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়ে করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে মাঠে।
