ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ বছর পর শিরোপার স্বাদ পেয়েছে লিভারপুল। এর আগের বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়। উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফিও ঘরে এসেছে। ২০১৫ সালে ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর লিভারপুলকে অভাবনীয় সাফল্যই এনে দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ।
তবে এ ক্ষেত্রে লিভারপুল সমর্থকেরা ধন্যবাদ দিতে পারেন ক্লপের স্ত্রীকে। কারণ উল্লা স্যান্ডরকই তো ক্লপকে লিভারপুলের দায়িত্ব নিতে উৎসাহ জুগিয়েছিলেন।
শেষ কয়েক বছরে দারুণ সব সাফল্য এনে দেওয়ায় স্বাভাবিকভাবেই লিভারপুল সমর্থকদের কাছে নায়কের মর্যাদা পাচ্ছেন ক্লপ। লিভারপুলের কিংবদন্তি ফিল থম্পসন জানালেন রহস্যটা। স্ত্রী উল্লার জন্যই ক্লপের লিভারপুলে আসা। নইলে জার্মান ম্যানেজারের রেডসদের নয়, দায়িত্ব নেওয়ার কথা ছিল রেড ডেভিলসদের।
২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসন সরে যাওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার প্রস্তাব ছিল ক্লপের সামনে। তবে তার স্ত্রী উল্লা তাকে বারণ করেছিলেন ইউনাইটেডের দায়িত্ব নিতে। পরে ২০১৫ সালে যখন লিভারপুল প্রস্তাব দেয় ক্লপকে, তখন তার স্ত্রীই পরামর্শ দিয়েছিলেন প্রস্তাব গ্রহণ করার।
থম্পসন বলেন, ‘স্কাই স্পোর্টসের ইন্টারভিউয়ে আমি একবার ক্লপকে জিজ্ঞাসা করেছিলাম, লিভারপুল ও ক্লপ কি একে অপরের জন্য তৈরি হয়েছে? তখন ও আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে কেন? পরে ক্লপ বলে যে, ও ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিত, যদি না ওর স্ত্রী বলত, এটা ঠিক হবে না। অদ্ভূত বিষয় হল, যখন লিভারপুলের প্রস্তাব আসে, তখন ওর স্ত্রী বলে, দায়িত্ব নেওয়া উচিত।’
তাই লিভারপুল সমর্থকদের কাছ থেকে বড় ধন্যবাদ তো পেতেই পারেন ক্লপের স্ত্রী।
