ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তিদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি যে, ষাটোর্ধ্ব যারা আছেন তারা করোনাভাইরাসে বেশি আক্রান্ত হন। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তিরা কোরবানির পশুর হাটে যাতে না যান।’
গতকাল সোমবার দুপুরে নগর ভবন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদুল আজহা একটি বড় উৎসব। কিন্তু এবারের ঈদুল আজহা যেহেতু করোনাভাইরাস মহামারীকালীন, তাই উৎসব উদযাপনের পাশাপাশি যাতে করে করোনাভাইরাসের বিস্তৃতি না ঘটে, সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, আন্তরিকভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।
