বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে উচ্চ শিক্ষার পথ প্রবর্তক, বিশিষ্ট সমাজসেবক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এর প্রতিষ্ঠাতা সদস্য এম এ কাসেম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে্ও এম এ কাসেম তিনবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকবার এনএসইউ ফাউন্ডেশনের এন্ডোসমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও নিয়োজিত ছিলেন।
এম এ কাসেম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিন বছর মেয়াদে ২ বার করে উভয় সিন্ডিকেট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির প্রাক্তন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এম এ কাসেম ফেনীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার এক বর্ণিল শিক্ষা জীবন ছিল। জনাব এম এ কাসেম দেশের শিল্পকারখানা ও
ব্যবসায়িক সম্প্রদায়ের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) একজন সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি সাউথ ইস্ট ব্যাংক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশিষ্ট শিল্পপতি, এফবিসিসিআই এর সভাপতি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসেবে এম এ কাসেম বহুবার বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং উন্নত দেশগুলিতে বেশ কয়েকটি বিভিন্ন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। দেশের রপ্তানি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য ২ বার ‘রাষ্ট্রপতি রপ্তানি ট্রফি’ এবং দেশের শিল্প খাতে অসামান্য অবদানের জন্য‘সি আর দাস স্বর্ণপদক’ অর্জন করেন।
২০১১ সালে তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক দীর্ঘমেয়াদী ও উচ্চ কর দাতা হিসেবে সম্মানে ভূষিত হন এম এ কাসেম । উচ্চ শিক্ষায় তার অসামান্য অবদানের জন্য তিনি ২০১৯ সালে ‘আবু রুশদ স্মৃতি পুরস্কার’প্রাপ্ত হন।
তিনি একজন গলফার এবং একজন সিনিয়র রোটারিয়ান।
