বাঁশখালীতে আরও এক হাতির বাচ্চার রহস্যজনক মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২০, ০৭:৫০ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া বৈলগাঁও পাহাড়ী এলাকার লটহল ধলতলীতে এক মৃত হাতির বাচ্চা পাওয়া গেছে। সোমবার মৃত হাতির ময়নাতদন্ত করেছে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কান্তি নাথ ও শুভ কান্তি দাশ।

হাতিটি বিষক্রিয়ায় মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।  এ নিয়ে চলতি বছরে বাঁশখালীর সাধরপুর রেঞ্জের আওতায় পাহাড়ি এলাকায় ৪টি হাতির মৃত্যু হলো। প্রথমে ৫ ফেব্রয়ারি সাধনপুরে পাহাড়ি হাতির মৃত্যু হয় । এর পর ৩০ মার্চ সাধনপুর লটমনি পাহাড়ে এবং ২৩ মে একইভাবে হাতির মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় ও বন বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা যায়, পুকুরিয়া বৈলগাঁও পাহাড়ী এলাকার লটহল মৌজার ধলতলীতে মৃত হাতি দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে অবহিত করে।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কান্তি নাথ বলেন, মৃত হাতিটির পোষ্টমর্ডাম এর জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে বিষক্রিয়ার কারণে মারা যেতে পারে বলে তিনি ধারণা করেন ।

বনবিভাগের সাধনপুর রেঞ্জ এর পুকুরিয়া বনবিট কর্মকর্তা  মনসুর আহমদ বলেন, কীভাবে হাতিটি মারা গেছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান ।

উল্লেখ্য, এশিয়ার একমাত্র হাতির প্রজন কেন্দ্র হিসেবে স্বীকৃত চুনতি অভয়ারণ্য এ বাঁশখালীর পাহাড়ি জনপদ। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতায় জলদী অভয়ারণ্য রেঞ্জ ও কালীপুর রেঞ্জের আওতায় ৮ টি বিট অফিস রয়েছে। বাঁশখালীর জলদী, চাম্বল, নাপোড়া, পুইঁছড়ি, কালীপুর, বৈঁলছড়ির চেচুরিয়া, সাধনপুর ও পুকুরিয়া বিট অফিসের পাহাড়ি এলাকায় প্রায়ই পাহাড়ি হাতি হানা দিয়ে বসতবাড়ি ,ফসলী জমি তছনছ করে। এতে মানুষের মৃত্যুর ঘটনা ঘটে থাকে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত