নরসিংদীর পলাশে ত্রাণ দিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক। মঙ্গলবার দুপুরে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানানো হয়।
এ সময় মেয়রের ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও ত্রাণ সহায়তা নিতে আসা এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক হামলাকারীকে আটক করেছে।
মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল পৌর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পৌর মেয়র শরীফুল হক। এ সময় পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম শফিসহ পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন।
ঘোড়াশাল পৌরসভার মেয়র শরীফুল হক বলেন, মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলার খানেপুর এলাকায় ত্রাণ বিতরণ শেষে পলাশ বাসস্ট্যান্ড এলাকার আরেকটি স্থানে ত্রাণ দিতে যাচ্ছিলাম। এ সময় অপরিচিত ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী দল আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এ সময় কাছেই অবস্থান করা ত্রাণ সহায়তাপ্রার্থী ও এলাকাবাসীরা এগিয়ে আসলে দৌঁড়ে পালাতে থাকে হামলাকারীরা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে।
জনপ্রতিনিধি হয়েও নিরাপত্তাহীনতা অনুভব করায় আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তা প্রত্যাশা করেন মেয়র।
