ডাক্তার, স্বাস্থ্যকর্মীর সম্মানে ছুটি ঘোষণা করলেন মমতা

আপডেট : ০১ জুলাই ২০২০, ০২:০৪ এএম

করোনা মোকাবিলায় ডাক্তার, নার্স-সহ সব স্তরের প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে চিকিৎসক দিবসে সরকারি ছুটি ঘোষণা করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন ১ জুলাইয়ে চিকিৎসক দিবস পালিত হয়। গত বছর দিনটিতে ‘চিকিৎসক রত্ন’ সম্মান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী বলেন, এখন মানবিকতাকে কভিডের সঙ্গে লড়তে হচ্ছে। নিজেদের জীবন বাজি রেখে যারা দিনরাত লড়ছেন সেই চিকিৎসক, নার্স, প্যারা মেডিকেল স্টাফ, পুলিশ প্রশাসনের কর্মী-সহ সকল প্রথম সারি কর্মীদের সম্মান জানাতে চিকিৎসক দিবসে ছুটি ঘোষণা করছে রাজ্য সরকার।  

কেন্দ্রের পাশাপাশি অন্য রাজ্যগুলির কাছেও এই সিদ্ধান্ত নিতে আবেদন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শান্তনু সেন জানান, চিকিৎসক দিবসে ছুটি ঘোষণার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে।

তবে অ্যাসোসিয়েশন অব হেল্থ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা ওই দিন যুদ্ধক্ষেত্রেই থাকবেন। আমাদের ছুটির থেকেও সুরক্ষা বেশি প্রয়োজন।

সূত্র: আনন্দবাজার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত