যুক্তরাষ্ট্রে কার্যকরী ভ্যাকসিন পাওয়ার ‘গ্যারান্টি নেই’

আপডেট : ০১ জুলাই ২০২০, ১০:০৪ এএম

করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন আবিষ্কারে চেষ্টার কোনো কমতি নেই যুক্তরাষ্ট্রের। তাই বলে দেশটিতে কোনো নিরাপদ ও কার্যকরী কোনো ভ্যাকসিন পাওয়া যাবে এমন গ্যারান্টি দিতে পারছেন না হোয়াইট হাউসের করোনা মোকাবিলা বিষয়ক টাস্ক ফোর্সের অন্যতম সদস্য অ্যান্থনি ফাউসি।

যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতি আবার ভয়াবহ অবস্থার দিকে মোড় নিচ্ছে। প্রতিদিনই দেশটিতে অন্তত ৪০ হাজার করে নতুন আক্রান্ত পাওয়া যাচ্ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও, প্রায় ১২’শ।

ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ অনেক অঙ্গরাজ্যে রেকর্ড আক্রান্তের খবর আসছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩০ হাজার।

পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কোনো প্রতিষেধক যেন জরুরি হয়ে পড়েছে। ভ্যাকসিনের প্রয়োজনীয়তা খুব করে বোধ করছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ফাউসিও।

এ ব্যাপারে সিনেটে তিনি বলেন, “দেশে সবার জন্য সহজলভ্য নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিনের খুব দরকার।”

সম্ভাব্য ভ্যাকসিনগুলোর কার্যকারিতা যাচাইয়ে চেষ্টার কোনো কমতি নেই এবং এর কার্যক্রম অকল্পনীয় গতিতে এগিয়ে চলছে বলেও জানান ফাউসি। এরপরও তিনি বললেন, “আমরা নিরাপদ ও কার্যকরী কোনো ভ্যাকসিন পাব এর কোনো গ্যারান্টি নেই।”

করোনাভাইরাস মোকাবিলায় সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বানও জানালেন এই রোগ বিশেষজ্ঞ।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন ৪০ হাজারের মতো নতুন আক্রান্তের খবর আসছে। মানুষজন সামাজিক দূরত্বের গাইডলাইনগুলো না মানলে এবং মাস্ক না পরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে বলেও মনে করেন ফাউসি, “আমি খুব উদ্বিগ্ন যে, পরিস্থিতি আরও বাজে হতে পারে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত