চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কামরুন নাহার পুতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কানসাট পুকুরিয়া থেকে বুধবার লাশটি উদ্ধার করা হয়।
মৃত কামরুন নাহার পুতুল পুকুরিয়ার চঞ্চল ইসলামের স্ত্রী। পুতুলের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুতুলের মামা রুবেল হোসেন জানান, পুতুলের আগের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হবার পর পুকুরিয়ার বেনাউল ইসলামের ছেলে চঞ্চল ইসলামের সঙ্গে তার ভাগ্নির বিয়ে হয়। তাদের ৩ বছরের এক মেয়ে রয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে পুতুলকে শিবগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুতুলের মারা যাওয়াকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে রুবেল বলেন, ‘মরদেহের গলায় কালো দাগ রয়েছে। শক্ত তার দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর সিঁড়িঘরে দড়িতে লাশ ঝুলিয়ে দেয়া হয়। মরদেহের হাতে সিগারেটের ছ্যাঁকার চিহ্নও রয়েছে’।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, তাদের পারিবারিকভাবে দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের গলায় কালো দাগও রয়েছে। ময়নাতদন্তে প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি শামসুল।
