করোনা (কভিড-১৯) মহামারি শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নতুন আইন প্রণয়নের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে বিএনপি।
বুধবার রাজনৈতিক দল নিবন্ধন আইন, ২০২০ নিয়ে দলটি নিজেদের অবস্থান জানাতে ইসিকে দেয়া চিঠিতে এ দাবি করেছে।
দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধ দল এদিন বিকালে ইসি সচিব মো. আলমগীরের কাছে চিঠিটি হস্তান্তর করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আমরা দাবি করছি নতুন আইন প্রণয়নের সম্পর্কিত কার্যক্রম স্থগিত করা হোক। এ সঙ্কটকালীন সময় শেষ না হওয়া পর্যন্ত এবং অংশীজনের মতামত নেয়ার অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ইসির পক্ষে নতুন কোনো প্রস্তাব চূড়ান্ত করা উচিত নয়।
আপাতদৃষ্টিতে এটি একটি ভালো উদ্যোগ বলে মনে হচ্ছে তবে বর্তমান সময়ে এটি গ্রহণযোগ্য নয়।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে বিএনপি নেতা হারুনুর রশীদ, ব্যারিস্টার কায়সার কামাল ও মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
