করোনা আতঙ্কের মধ্যে লাশ সৎকার করতে না পেরে ঘরের ফ্রিজে রাখা হলো। পশ্চিমবঙ্গের কলকাতার প্রাণকেন্দ্রে এই ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, করোনা উপর্সগে মারা যাওয়া ওই ব্যক্তির সৎকার করতে গিয়ে বিপাকে পড়ে পরিবার। ফলে দুই দিন বাড়ির ফ্রিজেই পড়েছিল মৃতদেহটি।
কলকাতার প্রাণকেন্দ্র আর্মহাস্ট স্ট্রিটের এই ঘটনা প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন রাজা রামমোহন সরণির বাসিন্দা ৭১ বছর বয়সী এক ব্যক্তি। করোনায় কিছু উপসর্গ থাকায় স্থানীয় চিকিৎসক তাকে করোনা টেস্টের পরামর্শ দেন। সেই অনুসারে সোমবার দুপুর দুইটার দিকে ওই ব্যক্তির করোনা টেস্ট হয়।
তবে এর ঘণ্টাখানেকের মধ্যে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের অভিযোগ, মৃতদেহ সৎকারের জন্য প্রশাসনের দোরে দোরে ঘুরলেও কেউ কোনও পদক্ষেপ নেয়নি।
মৃত ব্যক্তির পরিবারের দাবি, দেহ সৎকারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানাতে প্রথমে থানায় গিয়েছিলেন তারা। সেখান থেকে পৌরসভা অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পৌরসভা থেকে পাঠানো হয় স্বাস্থ্য ভবনে। কিন্তু করোনা রিপোর্ট না আসা পর্যন্ত কোনো পদক্ষেপ করা সম্ভব নয় বলে ফিরিয়ে দেন সরকারি কর্মকর্তারা।
এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা একটি ফ্রিজ কিনে নিজেরাই দেহ সংরক্ষণের ব্যবহা করেন। এদিকে, বুধবার মৃত ব্যক্তির করোনা টেস্টের রিপোর্ট আসে। এতে দেখা যায় তিনি করোনা পজিটিভ।
যদিও পৌরসভার বক্তব্য, পরিবারের তরফে বিষয়টি প্রথমে তাদের নজরে আনা হয়নি। তবে জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার দুপুরের মধ্যে ওই মৃতদেহ সৎকার করা হয়েছে বলে তারা জানায়।
