গাজীপুরে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৮ জন। এ নিয়ে গাজীপুরে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫২৩ জনে।
বুধবার বিকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৮ জনের। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৫ জন, কালীগঞ্জে ২০, কাপাসিয়ায় ১১, শ্রীপুরে ২১ ও গাজীপুর সদর ও সিটি করপোরেশন এলাকায় ৩১ জন।
গাজীপুরে মোট শনাক্ত তিন হাজার ৫২৩ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৪১৮ জন, কালীগঞ্জে ৩২৯, কাপাসিয়াতে ২৩৪, শ্রীপুর উপজেলায় ৪২১ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকা মিলে ২ হাজার ১২১ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪৩ জন। মোট আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর ও সিটি কর্পোরেশনে সর্বাধিক ২ হাজার ১২১ জন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলা গত ২৪ ঘন্টায় ৩৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা পজিটিভ হয়েছে। আর গাজীপুর থেকে এ পর্যন্ত ২৪ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। আর মৃত্যু হয়েছে ৪৩ জনের।
