ঢাকার ধামরাইয়ে গাজীখালী নদীতে ঘাসের বোঝা নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় ডুবে যাওয়া কৃষক বাদল চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গরুর জন্য ঘাসের বোঝা নিয়ে গাজীখালী নদী সাঁতরে পারাপারের সময় নিখোঁজ হন ওই কৃষক। উদ্ধার হওয়া কৃষক বাদল চন্দ্র মনিদাস (৫৫) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের মৃত নিমাই চন্দ্র মনিদাসের ছেলে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ূন কবির জানান, বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে ঘাসের বোঝা নিয়ে গাজীখালি নদীতে সাঁতরে পারাপারের সময় পানিতে ডুবে যান কৃষক বাদল চন্দ্র। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে নদীতে স্রোতের পাশাপাশি কচুরিপানার পরিমান বেশি থাকায় তার সন্ধান পাওয়া যায়নি। সবশেষ বৃহস্পতিবার সকালে আবারো ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করলে নদীর প্রায় ৩০ ফুট গভীর থেকে তার নিথর দেহটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজার তদন্ত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
