করোনাকালে ক্রিকেটের অনেক প্রচলিত নিয়মেই বদল আসতে যাচ্ছে। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আইসিসি নিয়ম করেই বদল আনতে যাচ্ছে অনেক কিছু। এই যেমন বলে থুতু বা লালার ব্যবহার নিষিদ্ধ। তেমনই করোনাকালের ক্রিকেটে বদলে যাচ্ছে সেলিব্রেশনের ধরন।
হ্যান্ডশেক, কোলাকুলি, জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ এখন অতীত বলা চলে। কিন্তু তাহলে ক্রিকেটে সেলিব্রেশন কেমন হবে? ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন দেখালেন সেটিই।
৮ জুলাই সাউদাম্পটনে শুরু হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট। করোনার কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর এই ম্যাচ দিয়েই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
তার আগে ইংল্যান্ড ক্রিকেট দল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে। টিম স্টোকস ও টিম বাটলার নামে দুই দলে ভাগ হয়ে খেলেছে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি। সেখানেই জো ডেনলিকে আউট করে অ্যান্ডারসন সতীর্থদের সঙ্গে কনুই দিয়ে সেলিব্রেশন শুরু করেন।
যদিও উইকেটকিপার বেন ফোকস দৌড়ে এসে হাই ফাইভের জন্য হাত তুলেছিলেন, কিন্তু পরক্ষণেই বুঝি তার মনে পড়ে এ যে করোনাকাল। হাই ফাইভ মানা!
