মানুষ ত্রাণ খেয়ে বাঁচুক সরকার তা আর চায় না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে এখন করোনা মহামারী চলছে। আমাদের দেশেও এই মহামারী হানা দিয়েছে। সরকার দেশের যেকোনো দুর্যোগে মানুষের জন্য ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। সুখে-দুঃখে সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা আর চাই না এ দেশে মানুষ রিলিফ খেয়ে বাঁচুক, রিলিফের দিন শেষ।’ তিনি বলেন, ‘যেহেতু বন্যা আর করোনা একসঙ্গে এসে গেছে, তাই মানুষের কষ্ট একটু বেশি হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা মানুষকে সহযোগিতা করছি। তবে শেষ কথা হলো রিলিফ খেয়ে আমরা (জনগণ) বাঁচতে চাই না। এটা আমাদের মূল কাজ নয়। আমরা কাজ করে খেতে চাই। তবে যেকোনো দুর্যোগে সরকার জনগণের পাশে আছে।’
