রেড জোন হিসেবে লকডাউনে থাকা নরসিংদীর মাধবদী পৌরসভার দুটি ওয়ার্ডকে ইয়েলো জোনে উন্নীত ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবদী পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এর আগে তিনি লকডাউনে থাকা মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, গত ১১ জুন থেকে করোনা আক্রান্তের দিক দিয়ে অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় মাধবদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড উত্তর বিরামপুর ও ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিরামপুর দুটিকে লকডাউন করে জেলা প্রশাসন। ২১ দিনে এলাকায় করোনা আক্রান্তের হার ২২ শতাংশ থেকে ৫ শতাংশে নেমে এসেছে। তাই ওয়ার্ড দুটিকে রেড জোন থেকে ইয়েলো জোন হিসেবে ঘোষণা দেওয়া হয়। মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সিভিল সার্জনসহ অনেকে উপস্থিত ছিলেন।
