যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৫৩ হাজার আক্রান্ত

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৮:৩৮ এএম

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে যুক্তরাষ্ট্র। সবশেষ ২৪ ঘণ্টায় হয়েছে নতুন রেকর্ড। এই সময়ে দেশটিতে ৫৩ হাজারের বেশি মানুষের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় যোগ হয়েছে আরও ৫৩ হাজার ৬৯ জনের নাম।

এই নিয়ে টানা দুই দিন আক্রান্তে নতুন রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। আগের দিন নতুন করে আক্রান্ত হয়েছিল ৫২ হাজার ৮৯৮ জন।

বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৭ লাখ ৩৫ হাজার ৩৩৯ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

সবশেষ চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন আরও ৬৪৯ জন। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৭৭ জন, যা বিশ্বের মোট মৃত্যুর এক-পঞ্চমাংশেরও বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত-মৃত্যুর তালিকায় আগেই থেকেই শীর্ষে অবস্থান করছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের হিসেবে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি দেখানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দেশটিতে আক্রান্তর সংখ্যা ২৮ লাখ ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩০ হাজার।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছুঁই ছুঁই করছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১ লাখ ৪০ হাজার।

 গত কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার বা এর ওপরে ঘোরাঘুরি করছিল। গত দুই দিন তা ছাড়িয়ে গেল ৫০ হাজার।

হিউস্টন, টেক্সাস, ফোনিক্স ও অ্যারিজোনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আক্রান্ত বাড়তির দিকে থাকায় বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা থেকে সরে এসেছে বিভিন্ন অঙ্গরাজ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত