কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত কাশেম ‘মাদক চোরাকারবারি’ বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কাছে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাটে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম মহেষখালীয়া পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, টেকনাফের মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকায় ইয়াবার চালান খালাসের সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
তার ভাষ্য, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মাদক চোরাকারবারীরা অতর্কিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এক পর্যায়ে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
ওসি বলেন, পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ আবুল কাশেমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় লম্বা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে বলেও জানান তিনি।
