প্রভুদেবা, রেমো ডিসুজা বা শমক দাবর কিংবা টেরেন্স। বলিউডে একের পর এক জনপ্রিয় কোরিওগ্রাফারদের দাপটে এক সময় যেন বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েন সরোজ খান। ওই সময় তার জন্য হাজির হন সালমান খান। জীবিত থাকাকালীন একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই জানান সরোজ খান।
তিনি জানান, এক সময় বলিউডে তার প্রায় কোনো কাজই ছিল না। তাই অভিনেত্রীদের হিন্দুস্তানি ঘরানার নাচের তালিম দেওয়ার কাজ শুরু করেছেন। সালমান জিজ্ঞাসা করায়, বলিউড ভাইজানকে এমন কথাই জানিয়েছিলেন সরোজ খান। বলিউডের মাস্টারজীর কথা শোনা মাত্রই সালমান স্পষ্ট জানিয়ে দেন, এবার থেকে সরোজজি যেন তার সঙ্গেই কাজ করেন। সালমান এক কথার মানুষ। তাই তার সিনেমার কোরিওগ্রাফির জন্য সরোজজিকে আমন্ত্রণ জানান।
এরপর ঠাগস অফ হিন্দোস্তানে ক্যাটরিনা কাইফের জন্য আমন্ত্রণ জানানো হয় সরোজ খানকে। যদিও ক্যাটরিনার নাচের তালিম দেখে তিনি ওই ছবি থেকে সরে যান। তিনিই ওই ছবির জন্য অর্থাৎ ক্যাটরিনার জন্য প্রভুদেবাকে দিয়ে কোরিওগ্রাফ করানোর কথা জানান। এরপর কলঙ্ক-এ ফের মাধুরী দীক্ষিতের জন্য কোরিওগ্রাফি করেন সরোজ খান।
প্রসঙ্গত, মাধুরী দীক্ষিতের সঙ্গে বি টাউনে একের পর এক কাজ করেন সরোজ খান। সম্প্রতি মাধুরীর প্রশংসাও শোনা যায় তার মুখে। তিনি জানান, মাধুরীর মধ্যে নাচের জন্য যে আবেগ দেখেছেন, তা বর্তমানে কোনো অভিনেত্রীর মধ্যে তিনি খুঁজে পান না।
