দুর্গাপুরে নিখোঁজের একদিন পর কিশোরীর লাশ উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১১:৪৮ পিএম

নিখোঁজের এক দিন পর কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের খামারখালী সীমান্তবর্তী এলাকা থেকে কিশোরী আফসানার (১১) লাশ উদ্ধার করা হয়। আফসানা কালিকাপুর গ্রামের দিনমজুর আবু ছালেকের ছোট মেয়ে। 

শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নেত্রকোনা আধূনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধারের সময় নিহতের মুখের ভেতর কাপড় ও গলায় ওড়না পেঁচানো ছিল বলে জানায় দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপুর গ্রামের পাহাড়ী টিলার আশপাশে গত বুধবার সকালে কচুর লতি (সবজি) তুলতে গিয়ে নিখোঁজ হয় আফসানা। সারাদিন খোঁজাখুঁজির পর আফসানাকে কোথাও পায়নি পরিবারের লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন সীমান্তে বিএসএফ ক্যাম্প এর কাছাকাছি ঝর্ণার গর্তের মাঝে কিশোরীর মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া কিশোরী আফসানার মুখের ভেতর কাপড় ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কিশোরীটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃতের বাবা অভিযোগ দায়ের করেছে এবং শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটন করে সম্পৃক্তদের আইনের আওতায় আনার কাজ করা হচ্ছে বলে তিনি জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত