সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটে এই আলোচনা নিত্য বিষয় বলা চলে! সুযোগ পেলেই পাকিস্তান ক্রিকেট ভক্তরা ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনায় ঢুকে যান। যদিও বাবরের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পদচারণা অনেক আগে এবং অর্জনও ঢের বেশি।
তবে বাবরও শুরু থেকেই দারুণ ধারাবাহিক। তার পারফরম্যান্সের কারণেই এই মূলত এই আলোচনা চলে আসে। যাতে যোগ দিলেন এবার ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচকের চোখে কোহলির চেয়ে বারব এগিয়ে।
ইনজামাম মনে করেন, বাবর আজম অল্প দিনেই অনেক কিছু অর্জন করেছেন। তার কথায়, ‘মাত্র কয়েক বছরেই ও (বাবর আজম) অনেক কিছু অর্জন করেছে। আমি একটা বিষয়ে নিশ্চিত যে, ভবিষ্যতে আরো ভালো পারফরম্যান্স করে দেখানোর ক্ষমতা ওর আছে।’
কোহলির সঙ্গে তুলনা প্রসঙ্গে বলেন, ‘কোহলি ইতিমধ্যেই ১০ বছর খেলে ফেলেছে। সেদিক থেকে বাবর সবে মাত্র ৩-৪ বছর খেলছে। তবে যদি শুরুর দিকের পারফরম্যান্স তুলনা করেন, তবে দেখবেন বাবর এগিয়ে।
বাবর আজম এখন পর্যন্ত ২৬টি টেস্ট, ৭৪টি ওয়ানডে ও ৩৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৪৫.১২ গড়ে ১৮৫০ রান করেছেন তিনি। ওয়ানডেতে ৫৪.১৭ গড়ে বাবরের সংগ্রহ ৩৩৫৯ রান। টি-টোয়েন্টিতে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক ৫০.৭২ গড়ে করেছেন ১৪৭১ রান।
কোহলি অবশ্য এ ক্ষেত্রে ঢের এগিয়ে। ৮৬ টেস্টে ৫৩.৬২ গড়ে ৭২৪০ রান তার। ২৪৮ ওয়ানডেতে ৫৯.৩৩ গড়ে সংগ্রহ ১১৮৬৭। ৮২ টি-টোয়েন্টিতে ৫০.৮০ গড়ে করেছেন ২৭৯৪ রান।
ইনজামাম কোহলির সঙ্গে তুলনায় বাবরকে এগিয়ে রাখলেও কিছুদিন আগে দেশটির আরেক কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ বলেছিলেন, এই দুজনের মধ্যে তুলনা করার সময় আসেনি। তার মতে, বাবরকে পাড়ি দিতে হবে এখনো অনেক পথ।
পাকিস্তান দলের বর্তমান প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক আবার বলেছিলেন, কোহলি ও স্টিভেন স্মিথের খুব কাছাকাছি বাবর।
এই আলোচনায় বাবরকেও মাঝে মধ্যে মুখ খুলতে হয়েছে। টি-টোয়েন্টির পর ওয়ানডের নেতৃত্ব পাওয়া এই ক্রিকেটার কদিন আগে বলেছিলেন, ‘আমার মনে হয় আপনি যদি তুলনা না করেন সেটাই বেশি ভালো। আমি বলতে চাই, সে ভিন্ন খেলোয়াড়, আমি ভিন্ন খেলোয়াড়। আমি শুধু ভালো খেলার চেষ্টা করি। দলের জয়ে সব সময় অবদান রাখতে চাই। এই লক্ষ্যেই আমি মাঠে নামি।’
