নাগাল্যান্ডের কুকুর ও পশুপ্রেমীদের জন্য সুখবর। আন্দোলনকারীদের লাগাতার চাপে মাথা নত করতে বাধ্য হলো পূর্ব ভারতীয় রাজ্যটির সরকার। এর জেরে বন্ধ হলো নাগাল্যান্ডে কুকুরের মাংস বিক্রি।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, শুধু স্থানীয় বাজারে মাংস বিক্রিই নয়— এ রাজ্য থেকে কুকুর ও কুকুরের মাংসের রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে শুক্রবার টুইটার পোস্টে নাগাল্যান্ডের মুখ্যসচিব টেমজেন টয় জানান, কুকুর ও কুকুরের মাংসের রপ্তানি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এখন থেকে রাজ্যে আর কুকুরের মাংস কাঁচা বা রান্না করা অবস্থায় বিক্রি করা যাবে না। এই ধরনের মাংসের বাজারগুলো বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি কুকুরের ব্যবসায়িক রপ্তানি পুরোপুরি বন্ধ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী রিওয়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সম্প্রতি।
গত মার্চে নাগাল্যান্ডের প্রতিবেশী রাজ্য মিজোরামে কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই নাগাল্যান্ডের ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যানিমাল প্রোটেকশন অর্গানাইজেশন (এফআইএপিও) -এর সদস্যরা এই বিষয়ে বারবার নাগাল্যান্ড সরকারের কাছে আবেদন জানাতে থাকে।
এফআইএপিও’র কার্যনির্বাহী সদস্য ভদ্রা মেরোট্রা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, নাগাল্যান্ডের ডিমাপুরে অবস্থিত পশুবাজারের সাম্প্রতিক রূপ দেখে আমরা ভয় পেয়ে গেছি। যেভাবে সেখানে কুকুর মেরে বিক্রির জন্য ঝুলিয়ে রাখা হয়েছে তা অত্যন্ত ভয়াবহ ও অমানবিক। সেখানে ২০০ টাকা কিলো দরে কুকুরের মাংস বিক্রি করা হচ্ছে। আর গোটা কুকুর বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়।
সম্প্রতি চিত্র প্রযোজক ও সমাজকর্মী প্রীতি নন্দী একটা প্রচার অভিযান চালু করেন। সেই কর্মসূচিতে নাগাল্যান্ড কুকুরের মাংস খাওয়া ও বিক্রি বন্ধের দাবিতে সই সংগ্রহ করা হয়েছে।
