খেলোয়াড়ি জীবনে নিজে ছিলেন ‘গতির রাজা’। বিশ্ব বিখ্যাত সব ব্যাটসম্যানদের পরাস্ত করতেন গতি দিয়ে। মাঝে মধ্যে সেই সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে অতীত স্মৃতি চারণও করেন শোয়েব আখতার। কিন্তু এই সময়ের ‘গতির রাজা’ জোফরা আর্চারের রাজত্ব বোধ হয় মেনে নিতে পারছেন না সাবেক পাকিস্তানি পেসার!
তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দল এরই মধ্যে ইংল্যান্ডে অবস্থান করছে। দেশ ছাড়ার আগে দলটির ব্যাটিং কোচ ইউনিস খান বলেছিলেন, দ্রুতগতির ফাস্ট বোলার জোফরা আর্চার তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে।
তবে শোয়েব আখতার ইউনিসের এমন কথা ভালোভাবে নেননি। তার দৃষ্টিতে আর্চারকে নিয়ে বিশেষভাবে ভাবার কিছু নেই। ভয় পাওয়ারও কিছু দেখেন না শোয়েব।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ইউনিস খান বলেছে আর্চারকে সামলে খেলতে হবে। ও খুব ভয়াবহ, ওর বল ব্যাটসম্যানের শরীরে আছড়ে পড়ে। ইউনিস খুব ভাল মানুষ বলে এমন কথা বলেছে। আর্চারকে ভয় করার কোনো কারণই নেই।’
শোয়েব আরো বলেন, ‘ইউনিস খান বলেছে আমাদের রক্ষণাত্মক নীতি নিয়ে খেলতে হবে। আমি জানি না ইউনিস খান এ কথা বলেছে কি না। ও যদি বলেও থাকে, তা হলে বলব ইউনিস খানের এ কথা বলা উচিত হয়নি।’
দেশ ছাড়ার আগে আর্চারকে নিয়ে ইউনিস বলেছিলেন, ‘আর্চার সত্যিকারের এক ম্যাচ উইনার এবং বড় হুমকি (পাকিস্তানের জন্য)। বিশ্বকাপ ফাইনালে স্নায়ু চাপের দারুণ পরীক্ষা দিয়ে সুপার ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আর্চার। লম্বা উচ্চতায় তার অ্যাকশন দুর্দান্ত।’
‘আমি খেলোয়াড়দের শরীরের খুব কাছাকাছি খেলতে বলব এবং ব্যাকফুটে খেলতে বলব। কারণ তার ইন-সুইং খুব বিপদজনক।’
