ডিসের তার চুরি প্রতিরোধে তারের সাথে বিদ্যুতের সংযোগ দেয় ডিস ব্যবসায়ী। আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বাংলাদেশ মিলিটারী একাডেমি ভাটিয়ারীতে (বিএমএ) কর্মরত সেনা সদস্য মো. মমিন মিয়া (২৬)।
তিনি শেরপুর জেলার শ্রীবরদী থানার, হালগড়া ইউনিয়নের বৈষ্ণবের চর গ্রামের আমির আলীর পুত্র। শুক্রবার রাত ৯ টার দিকে মারা যান সেনা সদস্য মো. মমিন। এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা দায়ের করলে দুইজনকে আটক করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত প্রায় ১ বছর যাবত পরিবার নিয়ে ভাটিয়ারীর আল্লাহ হাফেজ গেট সংলগ্ন কামাল মন্জিলের নিচতলায় ভাড়া থাকতেন সেনা সদস্য মো. মমিন মিয়া। গত রমজানের ঈদে স্ত্রীকে নিজ বাড়িতে রেখে এসে নিজে কর্মস্থলে যোগদান করেন। তবে এ সময় একা হওয়াতে ভাড়া বাসায় না থেকে সেনা ক্যম্পে থাকতেন। শনিবার তার স্ত্রী আসার কথা থাকায় গতরাতে পুনরায় তিনি ভাড়া বাসায় উঠেন। রাত আনুমানিক ৯ টার দিকে পাশের বাসার ভাড়াটিয়া ল্যান্স কর্পোরাল শাহাজাহান তাকে রাতের খাবার খেতে ডাকতে গেলে ডিসের তার হাতে জড়ানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে বিএমএ কর্তৃপক্ষকে অবহিত করলে সেনাবাহিনীর মেডিকেল টিম গিয়ে পরীক্ষা করে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন।
সেনা সদস্যের মৃত্যুর ঘটনায় ওয়ারেন্ট অফিসার মো. আশরাফুল আলম বাদী হয়ে শনিবার দুপুরে রিলেশন ক্যাবল নেটওয়ার্ক নামের প্রতিষ্ঠানের মালিক মাহবুব আলম (৫৪) ও কর্মচারী মো. মনির হোসেনকে (২৮) আসামী করে সীতাকুন্ড থানায় মামলা দায়ের করেন। তাদেরকে আটক করেছে পুলিশ।
আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করে তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান সীতাকুন্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা তারের সাথে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয় স্বীকার করেছে বলে জানান তিনি।
