গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ইউনিটে চিকিসাধীন ওসমান আলী শেখ (৭০) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।
তার বাড়ি উপজেলার পাটগাতীর দক্ষিণ পাড়া গ্রামে।
ওসমান আলী গত ১ জুলাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ শনাক্ত হয়।
মৃত ওসমান আলি শেখের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন অ্যাজমা রোগে ভুগছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৯৯ জনে।
রবিবার গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, মুকসুদুপুর উপজেলায় ৮ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৬ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৫৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১৩ জন মারা গেছেন। বাকিদের মধ্যে ৪৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৩৫৬ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
করোনা আক্রান্ত ৭৯৯ জনের মধ্যে সদর উপজেলায় ২২৬ জন, মুকসুদপুর উপজেলায় ১৭৯ জন, কাশিয়ানী উপজেলায় ১৫১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১২২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১২১ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৬৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
